২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ বাইক আরোহী নিহত

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান।  

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১) এবং বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা মুশফিকুর রহমান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে তিন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা তিনটি মরদেহ উদ্ধার করেন। 

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”