বগুড়ায় ‘শত্রুতার জেরে’ যুবক খুন
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার ভাটকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান।
মৃত ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫) ভাটকান্দি পূর্বপাড়া এলাকার আফজাল হোসেন প্রামাণিকের ছেলে। তিনি পেশায় টাইলস্ মিস্ত্রী ছিলেন।
এ ঘটনায় আয়নাল (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার আদর আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে ভাটকান্দির একটি সরকারি জলাশয়ে মাছ ধরতে যান ওয়াজেদ। সেখান থেকে ফিরে স্থানীয় একটি হোটেলে সকালের নাস্তা করতে বসেন। সেখানেই প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ওয়াজেদের মৃত্যু হয়।
ওসি সেলিম বলেন,“পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আয়নাল নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ হেফাজতে তিনি চিকিৎসাধীন রয়েছেন।”
দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
