২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে রেল অবরোধ

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ কুলিয়ারচর স্টেশনে এক ঘণ্টা আটকে থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রেল অবরোধ করছেন সমর্থকরা। 

এ আসনে বিএনপির পূর্ব ঘোষিত প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তন করে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়ার খবর পাওয়া গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা মিছিল বের করে। তারা সকাল ১১টার দিকে সরারচর রেল স্টেশনে গিয়ে রেলপথে ব্যারিকেড সৃষ্টি করে এবং অবস্থান গ্রহণ করে।

এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে এক ঘণ্টা ধরে আটকে থাকে বলে জানান কিশোরগঞ্জে স্টেশান মাস্টার খলিলুর রহমান। 

ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

পরে দুপুর দুইটার দিকে বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা ব্যারিকেড তুলে স্টেশান এলাকা ত্যাগ করলে পুণরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্টেশান মাস্টার খলিলুর রহমান বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জে পৌঁছার কথা ছিল। কিন্তু বাধার সম্মুখীন হওয়ায় সেটি ৪টা ৫ মিনিটে এসে পৌঁছেছে। 

সরারচর রেল স্টেশানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, “নিকলী-বাজিতপুর এলাকার মানুষ ইকবাল ভাইকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা, এর বাইরে কাউকেই মেনে নেওয়া হবে না। এজন্য লাগাতার কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।” 

জাতীয় দল নামে একটি রাজনৈতিক দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা ২২ ডিসেম্বর তার দল বিলুপ্ত করে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

মোবাইল ফোনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এহসানুল হুদা বলেন, “সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছি।”

আরও পড়ুন

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, একাংশের প্রত্যাখ্যান