২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, একাংশের প্রত্যাখ্যান

এ আসনে বিএনপির পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তন করে সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়ার খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, একাংশের প্রত্যাখ্যান
বিএনপির মনোনয়ন ফরম হাতে শেখ মুজিবুর রহমান ইকবাল।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তন করে সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে সৈয়দ এহসানুল হুদা তার ফেইসবুক পেইজ থেকে দলীয় মনোনয়ন ফরম হাতে নিজের একটি ছবি পোস্ট করলে বিষয়টি ছড়ায়। তবে বিএনপির একাংশের নেতারা দলীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।

জাতীয় দল নামে একটি রাজনৈতিক দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা ২২ ডিসেম্বর তার দল বিলুপ্ত করে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

মোবাইল ফোনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এহসানুল হুদা বলেন, “সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছি।”

এ বিষয়ে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কাজল ভূঁইয়া বলেন, সোমবার এহসানুল হুদা দলে যোগদানের পরপর নেতাদের কথামত মনোনয়ন ফরমের জন্য নির্ধারিত ৫০ হাজার টাকা জমা দেন। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ফরমে স্বাক্ষর করেন। 

এর আগে ৪ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের প্রার্থী ঘোষণার সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন বাতিল হওয়ার বিষয়ে জানতে শেখ মুজিবুর রহমান ইকবালের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। 

তবে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে বলেন, “এলাকার মানুষ ইকবালকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা। এর বাইরে কাউকেই মেনে নেওয়া হবে না।”

নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, “আমি নিজেও প্রার্থী ছিলাম। আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দল যাকেই মনোনয়ন দেবে, আমি সমর্থকদের নিয়ে তার পক্ষেই জয়ের জন্য কাজ করব।”

বাংলাদেশ জাতীয় দল নামের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ছিলেন এহসানুল হুদার বাবা সৈয়দ সিরাজুল হুদা। ২০২২ সালের ডিসেম্বরে ১২ দলীয় জোট গঠনের পর থেকে এর সমন্বয়কের দায়িত্ব পালন করেন এহসানুল হুদা।