গাজীপুরে সড়কে তল্লাশি চৌকি, পরিবহন সংকটে দুর্ভোগ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
রাজধানীর প্রবেশ মুখ গাজীপুরে একাধিক তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সড়কে যানবাহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নাশকতা এড়াতে পুলিশ ও র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের উদ্যোগে ঢাকাগামী যানবাহনে এ তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার পরিবহন সংকট দেখা দিয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প যানসহ অটোরিকশায় চলাচল করতে দেখা গেছে।
মহানগরী ঘুরে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন সড়ক, কামারপাড়া সড়ক, আব্দুল্লাহপুর বেড়িবাঁধসহ বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
এ ছাড়া র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রয়োজনে যাত্রীদের ব্যাগ, মোবাইল ও দেহ তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশ আত্মীয়-স্বজনের সঙ্গে ফোনে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে গাড়ি ছাড়ছে।
এদিকে শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
টঙ্গী স্টেশন রোডে তল্লাশি চৌকিতে কর্তব্যরত টঙ্গী পূর্ব থানার এসআই মিজানুর রহমান বলেন, “শনিবার একাধিক রাজনৈতিক দলের সমাবেশ উপলক্ষে রাজধানীতে কোনো নাশকতাকারী যেন প্রবেশ করতে না পারে সেজন্য এই তল্লাশি চৌকি বসানো হয়েছে।
“সন্দেহজনক গণপরিবহন তল্লাশি করা হচ্ছে। ক্ষতিকর দ্রব্য ও বেআইনি অস্ত্র নিয়ে কোনো সন্ত্রাসী যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি ও নজরদারি করা হচ্ছে।”
শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি কারখানার উৎপাদন কর্মকর্তা মো. শামীম ইসলাম। সপ্তাহের পুরো সময়ই কর্মস্থলে থাকেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে ময়মনসিংহের উদ্দেশে বের হন তিনি। কিন্তু দূরপাল্লার বাস না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে।
শামীম বলেন, “সপ্তাহের পুরো সময় কর্মস্থলে থাকতে হয়। ছুটির দিন স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে ডাক্তার দেখানোর জন্য রওনা হলেও বাসের জন্য জৈনাবাজার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। মাঝে মধ্যে লোকাল পরিবহন আসলে অসুস্থ স্ত্রীকে নিয়ে উঠতে পারিনি।”
ঢাকা যাওয়ার জন্য রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বাসের জন্য অপেক্ষা করছেন আলম। তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার এক আত্মীয় ভর্তি আছে; সেখানে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করতেছি।
“কিন্তু দূরপাল্লার কোনো গাড়ি না থাকায় ইজিবাইক নিয়ে গাজীপুরের দিকে রওনা হচ্ছি। যানবাহন সংকট থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা ও ইজিবাইকে করে চলাচল করতে হচ্ছে।”
শ্রীপুর-মাওনা মহাসড়কে ইজিবাইক চালক মোহাম্মদ আলী জানান, মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। সামান্য কয়েকটি লোকাল পরিবহন চলাচল করছে। বাস বন্ধ থাকায় যাত্রী বেড়েছে, অন্যান্য দিনের চেয়ে তাদের আয় ভালো হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, “আমরা প্রায় সময় সড়কে তল্লাশি চৌকি বসিয়ে থাকি, এটা আমাদের নিয়মিত কাজ। ঢাকাগামী মহাসড়কে কামারপাড়া এবং স্টেশন রোড এলাকায় দুটি তল্লাশি চৌকি বসানো হয়েছে।
“যেকোনো ধরনের নাশকতা ঠেকানো, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”
র্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “গাজীপুরসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তায় নিয়মিত সড়কে তল্লাশি চৌকির ব্যবস্থা করে থাকি। এ সময় মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনা হয়।”
আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
