সিলেটে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরহাটায় রাস্তা পারাপারের সময় দুলভী বেগম ও সিদ্দিকুর রহমান বাসের ধাক্কা নিহত হন।
সিলেটের কোম্পানীগঞ্জে বাসের ধাক্কায় এক গৃহবধূ ও তার শিশু সন্তান নিহত হয়েছে। পুলিশ বাসটির চালককে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার খাইত গ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলভী বেগম (৪০) ও তার শিশু সন্তান সিদ্দিকুর রহমান।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান জানান, দুপুরে বহরহাটা এলাকায় রাস্তা পারাপারের সময় দুলভী বেগম ও তার ছেলে সিদ্দিকুর রহমানকে ধাক্কা দেয় সদাপাথর পারিবহনের একটি বাস।
“আহতদের পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে মা-ছেলেকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরিদর্শক শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসের চালককে আটক করেছে পুলিশ। মোবারক হোসেন (২৫) নামের এই যুবক সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রয়াত মফিজ আলীর ছেলে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান শফিকুল।
