শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাকৃবির ১৫ ছাত্রী বহিষ্কার
তারা সবাই ‘জুলাই ৩৬ হল’ এর শিক্ষার্থী।
উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই ‘জুলাই ৩৬ হল’ এর শিক্ষার্থী।
এর মধ্যে একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বাকিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হলে বিষয়টি বুধবার জানাজানি হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জানুয়ারি রাতে ‘জুলাই ৩৬ হল’ এ কয়েকজন ছাত্রী অশোভন আচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’ এর ১৩ নম্বর ধারা অনুযায়ী এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির ১৩ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুসারে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইদা উম্মে রুমান বন্যাকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
দুই একাডেমিক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার হয়েছেন ডেইরি সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী লায়াবিন লতা, অ্যাকোয়াকালচার বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইন্তা ইয়াসমিন, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাদিকা তানজিল মিম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী শবনম মুস্তারী।
এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম এবং দুই সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার হয়েছেন কৃষি অর্থনীতির স্নাতকোত্তর শিক্ষার্থী ইসরাত জামান ইশা এবং অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী রিফাহ্ তাসনিম।
এ ছাড়া এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মনিরা মেইজাবীন, কীটতত্ত্ব বিভাগের রোবাইয়া শারমিন, পশুপালন অনুষদের স্নাতক শিক্ষার্থী সাবিয়া আফরিন প্রভা, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতক শিক্ষার্থী তাহরীমা আক্তার জয়া, ওয়েটল্যান্ড অ্যাগ্রিকালচারের স্নাতকোত্তর শিক্ষার্থী নাসরিন সুলতানা এবং মেডিসিন বিভাগের শিক্ষার্থী আফরোজা মজিদ।
এ ছাড়া শুধু এক সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী শামীমা শামীম লাভলী এবং কৃষি অনুষদের শিক্ষার্থী অদিতি বড়ুয়া মীমকে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. হেলাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাকি শিক্ষার্থীরা সতর্ক হবে।
