ভাসানী সেতুর বিদ্যুতের তার ‘চুরি’: গ্রেপ্তার ২ জন কারাগারে
একজন ‘চুরির দায় স্বীকার করে’ আদালতে জবানবন্দিও দিয়েছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার ওপর সম্প্রতি উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্প পোস্টের বিদ্যুৎ সংযোগের তার চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেলিম রেজা জানান, আগের সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার বিকালে গ্রেপ্তার দুজনকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২০ অগাস্ট মওলানা ভাসানী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের রাতে সেতুর ল্যাম্পপোস্টগুলোর বাতি জ্বলে নাই।
পরদিন অনুসন্ধান করে জানা যায়, সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছে; যার বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
পরে এ ঘটনায় ২২ অগাস্ট রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুরে আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে ২১ বছর বয়সী খায়রুল ইসলাম এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার জগ্ননাথপুর গ্রামের ৬৯ বছর বয়সী মনছুর আলী।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেলিম রেজা বলেন, “ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় অভিযান চালিয়ে ৫ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
“এর মধ্যে খায়রুল ইসলাম চুরির দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।”
এই চুরির সঙ্গে জড়িত বাকিদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানিয়েছেন।
