নাটোরে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠায় পুলিশ।
জেলার গুরুদাসপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে তার স্বামী হত্যা করেছে অভিযোগ উঠেছে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, উপজেলার খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে শুক্রবার রাত ৩টার দিকে রাত্রি খাতুনের লাশ উদ্ধার করেন তারা। পরে তা ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত ২২ বছর বয়সী রাত্রী একই গ্রামের রঞ্জু প্রামাণিকের মেয়ে।
তার স্বামী মো. নাইম হোসেন (২৭) ও শাশুড়ি আরবী বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মতিন ।
রাত্রির বাবা রঞ্জু প্রামাণিক বলেন, “শুক্রবার চুলা কেনা নিয়ে আমার স্ত্রীর সঙ্গে মেয়ের শাশুড়ির কথা কাটাকাটি হয়। স্থানীয় প্রধান সুজন নামের এক ব্যক্তি বিষয়টি মীমাংসাও করে দেন। পরে রাত ১টার দিকে মেয়ের দেবর আজমির হোসেন আমাদের ফোন করে রাত্রি মারা গেছে বলে জানায়। পরে আমরা তার শ্বশুর বাড়ি গিয়ে লাশ বিছানায় পড়ে থাকতে দেখি।”
রাত্রির প্রতিবেশী রাসেল প্রামাণিক জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে নাইমের বাড়িতে ঝগড়া হচ্ছিলো। রাত ১টার দিকে চিৎকার-চেঁচামেচি শুনে তাদের বাড়ি গিয়ে বিছানায় রাত্রির লাশ দেখতে পান তারা।
রাত্রির ছোট জা শারমিন আক্তার বলেন, “দুই বেয়ানের ঝগড়ার মীমাংসা শেষে রাত ১১টার দিকে রাত্রির ঘর থেকে চড়-থাপ্পরের শব্দ শোনা যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে নাইম ভাই রাত্রি গলায় দঁড়ি দিছে বলে চিৎকার শুরু করে। পরে আমরা ঘরে গিয়ে রাত্রির লাশ দেখতে পাই।“
রাত্রি ও নাইমের সংসারে রাফি হোসেন নামের দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে বলে জানান তিনি।
