২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

কামাল গোসল থেকে উঠে তুবাকে দেখতে না পেয়ে ভাবেন মেয়ে ঘরে চলে গেছে। কিন্তু বাড়িতে এসেও তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

সাতক্ষীরায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিহত শিশুর বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 12:29 PM

Updated : 05 Apr 2023, 12:29 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুকুর থেকে দেড় বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কয়লা গ্রামের একটি পুকুরে থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ডিউটি অফিসার এএসআই শামসুর রহমান। 

নিহত শিশু তুবা স্থানীয় স্বাস্থ্যকর্মী কামাল হোসেনের দ্বিতীয় সন্তান। 

কয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ছোট মেয়ে তুবাও তার সঙ্গে যায়। 

পরে কামাল গোসল থেকে উঠে তুবাকে দেখতে না পেয়ে ভাবেন মেয়ে ঘরে চলে গেছে। কিন্তু বাড়িতে এসেও তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। 

“পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে তুবাকে পুকুরে ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন।” 

কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই শামসুর রহমান।