২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা জিলা স্কুলের এ্যালামনাইয়ের নির্বাচনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নির্বাচনে ভোট দিচ্ছেন ১ হাজার ৯৯১ জন নিবন্ধিত ভোটার। যারা উপস্থিত থাকতে পারেন নি তারাও অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

তিন বন্ধু ব্যবসায়ী মাসুদ আহমেদ, মেজবাহ উদ্দিন ও মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানের কতদিন পর দেখা হয়েছে মনে করতে পারছেন না কেউই। দীর্ঘদিন পর তাদের দেখা করার সুযোগ করে দিয়েছে কুমিল্লা জিলা স্কুল এ্যালমনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন। 

এই সংগঠনের ভোট দিতে এসেই ১৯৭৮ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করা তিনজন মেতে উঠেছিলেন প্রাণের আড্ডায়। 

তাদের মতোই ১৯৬৯ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এ্যালমনাই অ্যাসোসিয়েশনের ভোট উপলক্ষে দেখা হচ্ছে বহু পুরনো বন্ধুর। এতে প্রাণের বন্ধুদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম প্রাচীন স্বনামধন্য স্কুলটির আঙ্গিনা। 

শিক্ষাপ্রতিষ্ঠানটির এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনের ভোট শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত ।

নির্বাচন উপলক্ষে মেঘনা ভবনের তিনতলায় ডিজিটাল ভোটিংয়ের ছয়টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। সেখানেই উৎসব মুখর পরিবেশে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামীর নেতৃত্ব নির্বাচন করতে ভোট দিচ্ছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। 

নির্বাচনে ভোট দিচ্ছেন ১ হাজার ৯৯১ জন নিবন্ধিত ভোটার। যারা সরাসরি স্কুলে উপস্থিত ছিলেন তারা সেখানে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেন। কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন নি তারাও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকেই ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম এফসিএ। 

কামরুল ইসলাম আরও বলেন, “২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এ্যালমনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে এই সংগঠনটির কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। 

নির্বাচনে ৩৭টি পদে ৫২জন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৩টি পদে একক প্রার্থী থাকলেও সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন অন্য প্রার্থীরা। 

ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রায় দুই শতাব্দীর দীর্ঘ ইতিহাসের প্রতিষ্ঠানটি দেশ বিদেশে অসংখ্য কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যেই কুমিল্লা জেলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়।