অপহরণের দুই ঘণ্টার মধ্যে মুদি দোকানিকে উদ্ধার, আটক ৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে এক মুদি দোকানিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ পাঁচজন আটক করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার মোবারকপুর গোলাপ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফিরোজ।
আটকরা হলেন- উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের মো হাবিবুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (২৫), একই গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন (২৫), কালিগঞ্জ লজিটোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. আল আমিন (২২), এরাদত বিশ্বাস টোলা গ্রামের প্রয়াত নাজেলের ছেলে মো.রাজু (২৩) এবং দৌলতপুর মোড়ল টোলা গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. রাজু হোসেন (২৪)।
অপহরণের শিকার সানি আহম্মেদ (২৫) উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. শাওবান হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ বলেন, “সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাগবাড়ি বাজার থেকে দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন মুদি দোকানি সানি। পথে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় আট থেকে নয়জন এসে সানিকে তুলে নিয়ে যায়।
“বিষয়টি সানির পরিবারকে জানান তার বন্ধুরা। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে গোলাপ বাজার এলাকা থেকে সানি উদ্ধার করে। সেইসঙ্গে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ।
