গাজীপুরে ভাগ্নেকে কুপিয়ে হত্যা, মামা পলাতক
দুপুরে মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে শাহরিয়ারকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের মামা পলাতক আছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল।
নিহত শাহরিয়ার (১৯) নেত্রকোণার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি স্থানীয় প্যারামাউন্ড টেক্সটাইল কারখায় অপারেটর হিসেবে চাকরি করতেন।
পলাতক মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে।
শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শাহরিয়ার লিচুবাগান এলাকার আবদুল হাইয়ের ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থেকে কারখানায় চাকরি করতেন। দুপুরে ঘরে বসে শাহরিয়ার সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন রনি।
“এক পর্যায়ের তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় শাহরিয়ার ঘর থেকে বাহিরে যান। পরে রনি বাহিরে এসে ভাগ্নের সঙ্গে ফের তর্কে জড়ান। দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শাহরিয়ারকে ছুরিকাঘাত পালিয়ে যান রনি।”
স্বজনরা শাহরিয়ারকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান এসআই জাহাঙ্গীর।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে ক্ষত চিহ্ন রয়েছে।
ওসি জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের মামা পলাতক আছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
