২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা ও সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল চারজনের

বরগুনার এক কৃষক ও নারী এবং সিরাজগঞ্জের দুই কৃষক নিহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 07:41 PM

Updated : 29 Apr 2023, 07:41 PM

বরগুনার পাথরঘাটা উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া ও মানিকখালিতে এবং বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানান পাথরঘাটা থানার ওসি শাহ্ আলম হাওলাদার ও সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।

নিহতরা হলেন- উপজেলার তাফালবাড়িয়ার বাসিন্দা খলিলুর রহমান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগরের আব্দুস সালাম খলিফার স্ত্রী হোসনে আরা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের আব্দুল মালেক এবং একই গ্রামের সোলেমান শেখ।

স্থানীয়দের বরাত দিয়ে পাথরঘাটা থানার ওসি বলেন, “দুপুর ২টার দিকে বাড়ির পাশে মাঠে থাকা গরু আনতে যান খলিল। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময়ে মানিকখালি এলাকায় ক্ষেতে মুগ ডাল তোলার সময় বজ্রপাতে মারা যান হোসনে আরা বেগম।”

অন্যদিকে সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, “মাঠে ধান কাটার সময় ঝড়-বৃষ্টি শুরু হলে দুই কৃষক বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যেই বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”