নেত্রকোণায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ওসি জানান, লাশটি মদনপুর ইউনিয়নের বাঘাপাড়া গ্রামের ২২ বছরের মানসিক ভারসাম্যহীন এক যুবকের বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
নেত্রকোণা সদর উপজেলার নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মদনপুর এলাকার সাইঢুলি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল ওসি মোহাম্মদ আবুল কালাম।
তিনি বলেন, লাশটি উপজেলার মদনপুর ইউনিয়নের বাঘাপাড়া গ্রামের ২২ বছরের মানসিক ভারসাম্যহীন এক যুবকের বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন (রহঃ) এর মাজারের পাশে সাইঢুলি নদীতে কচুরিপানার মধ্যে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আবুল কালাম বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
