১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেপ্তার

আবু সুফিয়ানের বিরুদ্ধে জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেপ্তার
বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 02:25 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিককে স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে৷

বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

আবু সুফিয়ান বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য। 

বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম তাদের গ্রেপ্তার করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার সুমন বলেন, আবু সুফিয়ানের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। 

এছাড়া তার স্ত্রী লিপি আক্তারও বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।

বগুড়ায় ফেরত আনার পর তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।