১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

শ্রমিকরা সরে গেলে বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে যান চলাচল পুরোদমে স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন আরএকে সিরামিক বিডি লিমিটেডের শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 04:09 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

গাজীপুরের বিভিন্ন উপজেলার কয়েকটি কারখানায় নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করলেও পরে পুলিশের অনুরোধে ও আশ্বাসে সড়ক ছেড়ে যান।   

বুধবার সকাল থেকেই গাজীপুর সদর, মহানগরের বাসন এলাকা, শ্রীপুর, কালিয়াকৈর, রাজন্দ্রেপুর এলাকায় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকরা আন্দোলন শুরু করে বলে জানান গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক। 

এর মধ্যে সকাল ৬টা শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিক বিডি লিমিটেডের থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। 

প্রতি বছর ইনক্রিমেন্ট ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে তারা সকাল ৭টায় তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আন্দোলনরত আরএকে সিরামিকের এক শ্রমিক জানান, ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারী নিয়োগ, প্রতি বছর ইনক্রিমেন্ট নিশ্চিত করাসহ ১১টি দাবিতে আন্দোলন করেছেন তারা।

শ্রমিকদের অভিযোগ, কোনো বিষয়ে ভারতীয় কর্মকর্তারা তাদের মূল্যায়ন করেন না, ভাল কোনো প্রতিক্রিয়াও তাদের কাছ থেকে পাওয়া যায় না। তারা দায়িত্বে আসার পর শ্রমিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রমিক ও বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় না। 

এছাড়াও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতনের দাবি জানানো হয়েছে। 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, এসব বিষয় নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সমাধানে আসেননি।

পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করলে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ২০ দফা দাবি জানিয়ে মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছিল ট্রান্সকম বেভারেজের শ্রমিকরা।

বুধবার সকালেও তারা ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগকৃত শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ, ৫ তারিখের মধ্যে বেতন প্রদান, নারী শ্রমিকদের নৈশকালীন ডিউটি বাতিলসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।

অপরদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের সামনে চাকরি প্রত্যাশী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

গাজীপুরের রাজন্দ্রেপুর এলাকায় ইউনি হেলথ্ ফার্মাসিউটিক্যালস্ নামের একটি ঔষধ উৎপানদকারী প্রতিষ্ঠানে আন্দোলন করছেন শ্রমিকরা। এ সময় তারা বেতন বৈষম্যসহ দূর করাসহ কয়েকটি দাবি জানান।

এছাড়া শ্রমিক নিয়োগে নারী-পুরুষের বৈষম্য করা হচ্ছে অভিযোগ করে গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে সংশ্ষ্টি কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। 

বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে যান চলাচল পুরোদমেই স্বাভাবিক হয়েছে এ পুলিশ কর্মকর্তা। 

আগের খবর 

গাজীপুরে 'শ্রমিকদের বিক্ষোভ থেকেইটপাটকেল নিক্ষেপআহত ৫ পুলিশ

দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর১১ কারখানায় ছুটি

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ