১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ‘শ্রমিকদের বিক্ষোভ থেকে’ ইটপাটকেল নিক্ষেপ, আহত ৫ পুলিশ

“শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বিঘ্ন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 04:58 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

গাজীপুরে চাকরির দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, মঙ্গলবার সকালে নগরীর ভোগড়া বাইপাস, ছয়দানা, হাজির পুকুর, মালেকের বাড়ি, সাইনবোর্ড এলাকায় ‘ইস্ট ওয়েস্ট’ ও ‘প্রীতি গার্মেন্টসের’ বিক্ষুব্ধ ও চাকরিচ্যুত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে। 

প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশ জানায়, বিভিন্ন পোশাক কারখানায় নারী শ্রমিকদের পাশাপাশি সমঅধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনা সদস্যরা সেখানে গিয়ে শ্রমিকদের থেকে সরিয়ে দেয়।

সকাল ১০টার দিকে নগরীর সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও এক ঘণ্টা পর ভোগরা বাইপাস এলাকায় অবস্থান নিয়ে আবার বিক্ষোভ করতে থাকে বলে জানান তারা।  

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, তারা কারখানায় চাকরি করলেও ‘তুচ্ছ কারণে’ তাদের চাকরিচ্যুত করা হয়। চাকরি না পেয়ে তারা বেকার জীবনযাপন করছেন। তাই চাকরির দাবিতে তারা এই বিক্ষোভ করে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

চাকরি প্রত্যাশী টঙ্গীর বাসিন্দা এবং বেকারদের কর্মসংস্থানের দাবি আদায়ের সমন্বয়ক দাবি করা মো. শাহিদ নামের একজন বলেন, “যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যারা চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছি।”     

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, “বিক্ষোভকারী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।”

গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে যৌথ অভিযান শুরু হয়েছে বলে গাজীপুর শিল্প পুলিশের এসপি সারওয়ার আলম জানান।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ ঠেকাতে এবং আইনশৃংঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সেনা সদস্য ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে।