Published : 02 Sep 2024, 05:24 PM
চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন ও পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকাল থেকে চান্দনা চৌরাস্তা, ভোগরা, নাওজোর, কোনাবাড়ী, বোর্ড বাজার ও টঙ্গীতে বিক্ষোভ হয়েছে বলে জানান গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম।
এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে দিনভর ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
শ্রমিকরা জানান, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ আট দফা দাবিতে আন্দোলন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।
এদিকে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কেবলমাত্র নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন পুরুষ শ্রমিকরা। কারখানাগুলোতে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়ার দাবিতে সকাল থেকে চাকরি বঞ্চিতরা সড়কে নেমে আসেন।
অপরদিকে টঙ্গী উপজেলায় বাটা সু কোম্পানির শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানিয়েছে শ্রমিকরা।
এদিকে কোনাবাড়ীতে অবস্থিত ইবনে সিনা কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, টঙ্গী স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়।
গাছা থানার ওসি আশরাফুল ইসলাম জানান, সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
আন্দোলনের একপর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ।
গাজীপুর ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার অসক কুমার বর্মণ জানান, কিছুদিন ধরে নগরীর বিভিন্ন কারখানার শ্রমিকরা প্রায় প্রতিদিনি তাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে আসছেন। এতে মহাসড়কে যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়।