তেলের লরিতে পাচার হচ্ছিল ৮ লাখ টাকার কাঠ
পুলিশ জানায়, ট্যাংকের তেল রাখার জায়গা থেকে কাঠগুলো উদ্ধার করা হয়।
খাগড়াছড়িতে একটি জ্বালানি তেলের ট্যাংক লরি থেকে আট লাখ টাকার কাঠ জব্দ ও দুই জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গুইমারা উপজেলার সড়কের পাশ থেকে এসব কাঠ জব্দ করা হয় বলে গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিন জানান।
আটকরা হলেন- সুলভ দে ও আব্দুল শুক্কর। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, “একটি তেলের ট্যাংক লরি রাস্তার পাশে পড়ে রয়েছে খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে ট্যাংকের তেল রাখার জায়গা থেকে সেগুন ও গোদা কাঠ উদ্ধার করা হয়; যেগুলোর বাজার মূল্য অন্তত আট লাখ টাকা।”
ট্যাংক লরিতে বিশেষ দরজা করে মূল্যবান কাঠগুলো ঢোকানো হয়েছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কাঠগুলো চট্টগ্রামে পাচার করা হচ্ছিল জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশ থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
