২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে মোটরসাইকেলে লুকানো ১৫ স্বর্ণের বারসহ আটক ১

আটক এক কেজি ৬৫২ গ্রাম ওজনের স্বর্ণের বাজার মূল্য এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

বেনাপোলে মোটরসাইকেলে লুকানো ১৫ স্বর্ণের বারসহ আটক ১

শার্শা সীমান্ত থেকে বিজিবির হাতে স্বর্ণসহ আটক যুবক

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 04:01 PM

Updated : 20 Sep 2022, 04:01 PM

যশোরের শার্শা সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক হয়েছেন; যাকে পাচারকারী বলছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে গোগা বাজারের উত্তর পাশে একটি ইটভাটার সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।

আটক জালাল উদ্দীন (৩৫) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আলি কদমের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তানভির বলেন, গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে- এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় গোগা-বেনাপোল সড়ক দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় মোটরসাইকেল চালক জালালের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

“পরে তার স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।”

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে, মোটরসাইকেল ও স্বর্ণসহ পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

যশোর সীমান্ত দিয়ে একের পর এক স্বর্ণের চালান আটক করছে বিজিবি। এ বিষয়ে বিজিবি বলছে, স্বর্ণের পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।