একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: মঈন খান
পলাশ উপজেলা হলরুমে দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফেইসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান।
শনিবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকারে এসেছে, কোনো ভুয়া ভোটে নয়।”
তিনি বলেন, “দেশে গুটি কয়েক লোক মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ফেইসবুকে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাস করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা পার পাবে না।”
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক সাইফুল হক উপস্থিত ছিলেন।
