জাজিরায় হাসপাতালের টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগ
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার এ ঘটনা ঘটে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযোগ।
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের দরপত্রের বাক্স ছিনতাইয়ের অভিযোগ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
সোমবার সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের অভিযোগ।
হাসপাতাল থেকে জানা যায়, জানুয়ারির ১৮ তারিখ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান হাসপাতালের ওষুধ ও অন্যান্য আসবাবপত্র সরবারাহের জন্য প্রায় ৫০ লাখ টাকার একটি দরপত্র আহবান করেন। উক্ত দরপত্রটির খোলার তারিখ ছিল সোমবার সকালে।
ডা. মাহমুদুল হাসান বলেন, সকাল ৯টার সময় তাকে হাসপাতালের হেড ক্লার্ক ফোন দিয়ে দরপত্রের বাক্সটি অজ্ঞাতনামা ১০/১২ জন ছিনতাই করেছে বলে জানান। খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে জাজিরা থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে।
“এ সময় টেন্ডার বাক্সটির আংটা ভাঙা অবস্থায় পাওয়া গেলে টেন্ডার ওপেনিং কমিটির সুপারিশে আপাতত টেন্ডার স্থগিত করা হয়েছে।”
তবে হাসপাতালের পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকলেও তা নষ্ট ছিল; তাই এই ঘটনায় জড়িতদের কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাসান।
এই ঘটনায় জাজিরা থানায় ১০/১২ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন বলে জানান তিনি।
এদিকে, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ঠিকাদার মো. রুবেল বেপারির অভিযোগ, “আমি একজন ঠিকাদার হিসেবে টেন্ডার ড্রপ করতে গিয়ে দেখি নির্দিষ্ট সময়ের আগেই টেন্ডার বাক্সটি ভর্তি করা। যার ফলে আমিসহ অন্যান্য ঠিকাদাররা বিষয়টির প্রতিবাদ করলে তিনি টেন্ডার বাক্স ছিনতাইয়ের নাটক সাজিয়ে টেন্ডার স্থগিত করেন।
“প্রকৃতপক্ষে তিনি তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে পারেননি বলে এই নাটক সাজিয়েছেন।”
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। এ সময় টেন্ডার বাক্সটিকে যথাযথ অবস্থায় পেয়েছি। আপাতত আমাদেরকে মৌখিক ও লিখিতভাবে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
