বরগুনায় ২০ হাজার কেজি হাঙ্গরের শুঁটকি জব্দ
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ হাঙ্গরের শুঁটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এ সময় কেউ আটক হয়নি।
রোববার দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চ ঘাট এলাকা থেকে এসব শুঁটকি জব্দ করা হয় বলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান।
কোস্ট গার্ড জানায়, দেশে হাঙ্গর ধরা নিষিদ্ধ। এই নিষেধ অমান্য করে হাঙ্গর নিধন ও তার শুঁটকি তৈরির গোপন খবর পাওয়া যায়। তার ভিত্তিতে দুপুরে পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পল্লির লোকজন পালিয়ে যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙ্গরের শুঁটকি জব্দ করা হয়।
“সরকারি গেজেট অনুযায়ী, ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ২০ হাজার কেজি হাঙ্গরের শুঁটকির মূল্য প্রায় ৫ কোটি টাকা হবে।”
এ ব্যাপারে জানতে চাইলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, “২০ হাজার কেজি হাঙ্গরের শুটকি মানে এটা বিপুল পরিমাণ। এ ধরনের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি ধরার পর তা বন বিভাগের কাছে হস্তান্তর করতে হয়। এরপর আইনানুগ ব্যবস্থা নিতে এ সংক্রান্ত মামলা করা হবে। মামলার ৩০ দিনের মধ্যে আসামিদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।”
তিনি জানান, মামলা করার পর স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থার সহযোগিতা নিয়ে তাদের ধরার চেষ্টা করা হবে। এরপরই বিষয়টি নিষ্পত্তি করার বিধান রয়েছে।
এক মাস অতিবাহিত হওয়ার পর বনবিভাগ স্থানীয়ভাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জব্দ শুঁটকি ধ্বংস করা হবে বা তা বিক্রি করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান এ কর্মকর্তা।
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তফসিলভুক্ত হাঙ্গর প্রজাতি ধরা নিষিদ্ধ। কিন্তু এর বাইরের হাঙ্গর প্রজাতি ধরতে পারে।
“কোন প্রজাতির হাঙ্গর ধরতে পারবে আর কোনটি পারবে না এ বিষয়ে স্থানীয়ভাবে
ব্যাপক প্রচার করা হয়েছে।”
