২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতকে তুলে নিয়ে টাকা দাবি, জাবি শিক্ষার্থীসহ দুজন আটক

“এ সময় চাপাতি দেখিয়ে তারা আমাকে হত্যার ভয় দেখায় এবং ৬০ হাজার টাকা দাবি করে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 12:32 AM

Updated : 20 Dec 2023, 12:32 AM

এক ব্যক্তিকে তুলে নিয়ে টাকা চাওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে তাদের আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন জানান। 

আটক জাবি শিক্ষার্থী অর্ণব বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। 

আটক আরেকজনের নাম রোমিও রাজু। তিনিও আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি আশুলিয়ায় অবস্থিত সিটি ইউনিভার্সিটির বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অন্যদিকে ভুক্তভোগী ওমর আলী আশুলিয়ার আমতলা বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। 

ওমর আলী বলেন, “চার মাস আগে হৃদয় নামে একজন মোবাইল সার্ভিসিংয়ের জন্য আমার দোকানে আসেন। তখন থেকে তার ও আমার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আজ দুপুরে আমার দোকান থেকে হৃদয়, রাজু, অর্ণব এবং আরও দুজন মিলে জোরপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পানে নিয়ে যায়। 

“এ সময় চাপাতি দেখিয়ে তারা আমাকে হত্যার ভয় দেখায় এবং ৬০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে মারধর করে আমাকে। পরে ওই সময় কয়েকজন মাঠে গেলে হৃদয়সহ তিনজন পালিয়ে যায়। বাকি দুজনকে (রাজু ও অর্ণব) এখানের লোকজন নিয়ে আসে।”  

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, “বহিরাগত একজনকে অপহরণ করে ছিনতাইকালে অভিযুক্তদের হাতে-নাতে ধরা হয়েছে। তাদেরকে আমরা আশুলিয়া থানায় হস্তান্তর করেছি।” 

আশুলিয়া থানার এসআই নূরুল আলম বলেন, “জাবিতে ছিনতাই করতে গিয়ে দুজন ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”