টিভি চ্যানেলের স্টিকার লাগানো মাইক্রোবাস নিয়ে ছিনতাই
ঘটনার সময় ছিনতাইয়ের শিকার ব্যক্তি ফেইসবুক লাইভ করছিলেন; তার ক্যামেরায় ধরা পড়ে হামলাকারীদের ছবি।
বরিশালের গৌরনদীতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে দুই মোটরসাইকেল আরোহীর টাকা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের কাছেমাবাদ এলাকায় শুক্রবার সকালে এ ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলের বাসিন্দা মো. লালন ফকির বলেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও অর্ধলক্ষাধিক টাকা মূল্যের একটি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।
নিজেকে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ পরিচয়দানকারী লালন ফকির জানান, বরিশাল নগরীতে তার ‘মিডিয়া জোন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদপুরে তার খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেখানে যাওয়ার উদ্দেশ্যে এলাকার এক ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে রওনা দেন তিনি।
তিনি জানান, তাদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের জন্য এক লাখ টাকা ছিল। মোটরসাইকেলে রওনা হওয়ায় তাদের দুজনের হেলমেটে ‘অ্যাকশন ক্যামেরা’ এবং হাতে ‘সেফটি গিয়ার’ যুক্ত ছিল।
ঘটনার বিবরণে লালন বলেন, সকাল সাড়ে ৬টায় তারা গৌরনদীর কাছেমাবাদ লালব্রিজ এলাকায় পৌঁছালে একটি বেসরকারি টিভি চ্যানেলেল স্টিকার লাগানো একটি ‘নোয়াহ’ ব্র্যান্ডের সাদা রংয়ের মাইক্রোবাস তাদের সামনে গিয়ে রাস্তার পাশে গতিরোধে বাধ্য করে।
“মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৮০৬৮) থেকে লাঠিসোটা নিয়ে কয়েকজন নেমে আমাদের উপর হামলা করে।
“তারা এলোপাতাড়িভাবে পিটিয়ে সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা, আনুমানিক ৫০ হাজার টাকা দামের একটি ‘অ্যাকশন ক্যামেরা’ [গো প্রো হিরো ১০ মডেল] এবং মোটরসাইকেলের চাবি নিয়ে গেছে।”
৫/৭ মিনিটের মধ্যে ঘটনা ঘটিয়ে দ্রুত মাইক্রোবাসটি মাদারীপুরের দিকে চলে যায় বলে লালনের ভাষ্য।
লালন জানান, ওই সময় তিনি ফেইসবুক লাইভ করছিলেন; তাই ঘটনার সময় তা তার ক্যামেরায় ধরা পড়ে এবং মোবাইল ফোনে রেকর্ড হয়।
এ বিষয়ে গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোনো ঘটনা তিনি শোনেননি। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদীর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা থানায় এসেছিল। তাদের লিখিত অভিযোগ নিয়ে আসতে বলেছি। অভিযোগ নিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে।”
