২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ তিনজনের প্রাণ

টঙ্গীতে ওভারব্রিজে ওঠার মুখে কাভার্ডভ্যান পিষে মারল মা-ছেলেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:39 PM

Updated : 27 Sep 2026, 11:39 PM

গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও ট্রাক চাপায় মা-ছেলেসহ মোট তিনজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের টঙ্গী স্টেশন রোড উড়াল সেতু এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম বলেন, ময়মনসিংহ থেকে বাসে করে এসে বিকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় নামেন একই পরিবারের কয়েকজন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে আয়েশা খাতুন, তার ছেলে ইয়াছিন ও ছেলের স্ত্রী আরজিনা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে, সকালে গাজীপুরের কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির এক ট্রাকের চাপায় রেখা রানী সূত্রধর (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।

তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার দক্ষিণ মান্দিয়া গ্রামের সনাতন চন্দ্র সূত্রধরের স্ত্রী।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার এসআই রাশেদুল হাসান বলেন, সকাল ৯টার দিকে কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় পথচারী ওই নারীকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর চালক আব্দুল মমিনকে (৩৭) আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।