Published : 08 Oct 2023, 07:53 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে এতে কেউ দগ্ধ হননি।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে যায় বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান৷
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ পরিবহনের বাসটি রাজধানী থেকে অর্ধশত যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল৷ পথে হঠাৎ বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন৷
হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহতও হন৷ পরে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাসটি পুড়ে যায়৷
পরিদর্শক আতাউর বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মূলত বাসটির ইঞ্জিনে প্রথম আগুন লাগে৷ পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে৷ আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক ও যাত্রীরা সেখান থেকে নেমে যান৷
পরে স্থানীয় একটি পোশাক কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে৷