জাবির হলে শহীদ দিবসে নিয়ম মেনে ওড়েনি জাতীয় পতাকা
প্রাধ্যক্ষদের জানানো হলে তারা ভুল স্বীকার করে কর্মচারীদের দিয়ে দ্রুত ঠিকভাবে পতাকা ওড়ান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে নিয়ম মেনে ওড়েনি জাতীয় পতাকা।
ভাষা শহীদদের ত্যাগের স্মরণে দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও নিয়ম মেনে পতাকা ওড়ানো হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল, মওলানা ভাসানী হল এবং নওয়াব ফয়জুন্নেসা হলে।
২১শে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত নওয়াব ফয়জুন্নেসা হল অফিসে জাতীয় পতাকাই ওড়ানো হয়নি। আর শহীদ রফিক-জব্বার হল ও মওলানা ভাসানী হলের পতাকা অর্ধনমিত ছিল না।
পরে এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষদের কাছে ফোন করা হলে তারা ভুল স্বীকার করে কর্মচারীদের দিয়ে দ্রুত ঠিকভাবে পতাকা ওড়ান।
বাংলাদেশের পতাকা বিধিমালার ৬(১) বিধিতে বলা হয়েছে, সরকারি ভবন ও অফিসসমূহে সকল কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে।
আর ৪(২) বিধিতে বলা হয়েছে, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, কেন্দ্রীয়ভাবে শহীদ মিনারে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হলেও দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল অফিসে জাতীয় পতাকাই ওড়ানো হয়নি। শহীদ রফিক জব্বার হল ও মওলানা ভাসানী হলে পতাকা অর্ধনমিত না রেখে পুরো উত্তোলন করা ছিল।
জাতীয় পতাকা না ওড়ানোর বিষয়ে জানতে চাইলে নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ নাহিদ হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি জানি না। হলের স্টাফদের বলা হয়েছিল পতাকা যেন ওড়ানো হয়, কিন্তু তারা কাজটি করেনি। বিষয়টি দেখছি আমি।”
শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ শাহেদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পতাকা যেন অর্ধনমিত রাখা হয় সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বলেছে। আমি হলের স্টাফদের বলেছি। তারা হয়তো কাজটি করেননি।”
আর মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ হুসাইন মো. সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি যেন ঠিক করা হয় সেটি আমি দেখছি।”
তবে পতাকা ওড়ানো নিয়ে হল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জানান, বিশেষ দিবস ছাড়াও অন্যান্য স্বাভাবিক কর্মদিবসেও নিয়মিত পতাকা ওড়ানো হয় না হলগুলোতে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলগুলোতে নিয়ম মেনে পতাকা না ওড়ানোর বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক তো বটেই, বিধিরও লঙ্ঘন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পতাকা বিধিমালাকে গুরুত্ব সহকারে নিয়ে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।”
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ বলেন, “সংশ্লিষ্ট সবাইকে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছি যেন পতাকা অর্ধনমিত রাখা হয়।”
