২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর-২ আসনে জাহানের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

মাদারীপুর-২ আসনটি স্থগিত রেখেছে বিএনপি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন তার সমর্থকরা। 

বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের পানিছত্র এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। 

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলের পতাকা নিয়ে মাঠে ছিলেন জাহান্দার আলী জাহান। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা হবে অবিচার।

বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল কবির, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করেন। তবে মাদারীপুর-২ আসনটি স্থগিত রাখা হয়।