২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাজার ইজারা নিয়ে সংঘর্ষে আহত ৮, দোকানপাট ভাঙচুর

এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছেন বলে জানায় পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 08:31 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাজারের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

এ ছাড়া মোটরসাইকেল পুড়িয়ে দেওয়াসহ দোকানপাট ভাঙচুরে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল। 

আহতরা হলেন- মানিক (৫৫), নূরুল আমীন (৪৩), আলফাতুন (৩৮), আফতাব উদ্দিন (৪৮), অপর পক্ষের সাব্বির (২৫), সুহান (২২), শুভ (২৮) এবং আজমল হোসেন শাকিল (২৬)। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে বাজারে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হন। 

এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় দোকানপাট ও দুটি মোটরসাইকেল। তবে হামলার ঘটনায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন উভয়পক্ষ।

আহত ব্যবসায়ী আফতাব উদ্দিনের অভিযোগ, “ইজারাদার আজমল হোসেন শাকিলের সঙ্গে বাজার নিয়ে বিরোধ রয়েছে। তার লোকজন বিভিন্ন সময় বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করতেন। প্রতিবাদ করায় শাকিল তার ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালায়। আমাদের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে তারা।”

অভিযোগ অস্বীকার করে আজমল হোসেন শাকিল বলেন, “সিঅ্যান্ডবি বাজারের বৈধ ইজারাদার আমি। ইজারার কাজে বাধা দিয়ে একটি পক্ষ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।

“ঘটনার দিন রাত ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন তারা। ছয়টি দোকান ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেয় দুটি মোটরসাইকেল।”

ওসি মো. জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় উভয়পক্ষই থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।