১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হলেও বাকি উপজেলার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

প্রথম ধাপের ৮ মে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র একদিন আগে এ উপজেলায় সব পদের নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন।

সোমবার রাত ১০টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

রাত ১১টার দিকে কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান নির্বাচন স্থগিত করে চিঠির বিষয়টি জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা আক্তার পলি নামের এক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি উপজেলার রায়কোট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। তবে সেই পদ থেকে পদত্যাগ না করেই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান তিনি। 

সোমবার দুপুরে উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেয়। 

এখন তার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যালট পেপার ছাপাতে না পারার কারণে এ নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা বেগম হাই কোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন করেন। ২৫ এপ্রিল হাই কোর্ট বিভাগ মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন। 

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে। পরে সোমবার আদেশে ‘নো অর্ডার’ প্রদান করা হয়। 

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, “নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে মেইলে পাওয়া গেছে। পরে রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”

বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় ভোট গ্রহণের কথা রয়েছে। 

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হলেও বাকি উপজেলার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।