২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ধান ক্ষেতে মিলল অটোরিকশা চালকের লাশ

পুলিশের ধারণা, শাহ আলমকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 06:40 PM

Updated : 08 Oct 2023, 06:40 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধান ক্ষেত থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৮টায় উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামে লাশটি পাওয়া যায় বলে ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া জানান।

নিহত শাহ আলম (৪০) শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে ওসি মনিরুল আলম বলেন, শনিবার সন্ধ্যার দিকে শাহ আলম তার নিজস্ব অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সারারাত পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

“পরে ওই এলাকায় ধান ক্ষেতে গলায় রশি বাঁধা অবস্থায় অজ্ঞাত একজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন শাহ আলমের মরদেহ শনাক্ত করেন।”

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শাহ আলমকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।