২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আড়িয়াল খাঁ নদে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

“গোসল শেষে মেঘলা উঠে আসলেও জান্নাতুল সাঁতার না জানায় স্রোতের টানে ডুবে যায়।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার দুপুরে শিবচর উপজেলার কলাতলা এলাকা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবচর থানার ওসি রতন শেখ।

মৃত ১৪ বছর বয়সী জান্নাতুল আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের পূর্বকাচিকাটা গ্রামের রনি ফকিরের মেয়ে।  

তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ওসি বলেন, “শুক্রবার বিকালে শিবচরের চরশ্যামাইল গ্রামে ফুফা মনির শিকদারের বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। পরদিন বেলা দেড়টার দিকে বৃষ্টি নামলে ফুফাতো বোন মেঘলা আক্তারের সঙ্গে জান্নতুল বাড়ির কাছের আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে।

“গোসল শেষে মেঘলা উঠে আসলেও জান্নাতুল সাঁতার না জানায় স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। শনিবার দিন সন্ধ্যা পর্যন্ত জান্নাতুলকে উদ্ধার সম্ভব হয়নি।”

তিনি বলেন, “রোববার বেলা ১২টার দিকে জান্নাতুলের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা উদ্ধার করে।”