কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন রোহিঙ্গার ১৫ বছরের কারাদণ্ড
এ ছাড়া প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন রোহিঙ্গাসহ চারজনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে।
বুধবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান।
সাজাপ্রাপ্তরা হলেন: মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল, বদি আলম এবং ভোলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
মামলার নথির বরাতে ফরিদুল আলম বলেন, ২০১৭ সালের ২৭ অগাস্ট টেকনাফ সদর ইউনিয়নের বঙ্গোপসাগার দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় র্যাব অভিযান চালায়। অভিযানে ৮ লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।
২০১৮ সালের ১৮ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৯ সালের ৯ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেয়।
