২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে মিলল ইয়াবা, স্বামীসহ গ্রেপ্তার কৃষি কর্মকর্তা

কৃষি কর্মকর্তা আকলিমার দাবি, তার স্বামী মোতাহার হোসেন ‘মাদক কারবারে’ যুক্ত৷

গাড়িতে মিলল ইয়াবা, স্বামীসহ গ্রেপ্তার কৃষি কর্মকর্তা

গ্রেপ্তার [বাম থেকে ডানে]  প্রাইভেটকার চালক আজিজুল হক, আকলিমার স্বামী মোতাহার হোসেন ও আকলিমা আক্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2022, 11:18 PM

Updated : 25 Nov 2022, 11:48 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক কৃষি কর্মকর্তাকে বহনকারী গাড়িতে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে৷ এ ঘটনায় ওই কর্মকর্তা, তার স্বামী ও গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে৷ 

আটকরা হলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তার স্বামী দক্ষিণপাড়ার প্রয়াত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন (৪৫) ও প্রাইভেটকার চালক একই এলাকার প্রয়াত হযরত আলীর ছেলে আজিজুল হক (৩০)। 

পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, “আটক তিনজনের ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল৷ তারা মাদক কারবারের সাথে জড়িত৷ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়৷ তাদের মধ্যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা৷ তার স্বামী আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন৷” 

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷ 

এ বিষয়ে আটক কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারের দাবি, তার স্বামী মাদক কারবারের সঙ্গে যুক্ত৷ এ কারণে গত এক বছর যাবৎ তাদের যোগাযোগ নেই৷ তবে সম্প্রতি মাদকের সাথে সম্পৃক্ত নন জানিয়ে পারিবারিক সমঝোতার মধ্য দিয়ে আবার যোগাযোগ শুরু করেন৷ 

আকলিমা বলেন, “শুক্রবার আমি একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় আমার স্বামী তাকে যাত্রাবাড়ি থেকে তুলে নেওয়ার জন্য বলে৷ তাকে নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে। যেহেতু আমিও একই গাড়ির যাত্রী ছিলাম তাই আমাকেও আটক করা হয়।” 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকি বলেন, “আমি একটি অনুষ্ঠানে ছিলাম, জেলার বাইরে আছি৷ তবে আমি আটকের বিষয়টি শুনেছি৷ আকলিমা আক্তার একজন ভালো অফিসার৷ মাদক সংশ্লিষ্টতার বিষয়ে তাকে নিয়ে কখনও শুনিনি৷ তবে তার স্বামীর ব্যাপারে গুঞ্জন ছিল৷ তিনি আগেও নাকি গ্রেপ্তার হয়েছিলেন।” 

তিনি আরও বলেন, “আকলিমা ব্যাচমেটদের প্রোগ্রামে গিয়েছিলেন বলে শুনেছি৷ সেখান থেকে উপজেলায় ফিরছিলেন৷ গাড়িতে স্বামীর কাছে মাদক পাওয়া গেছে৷ এ কারণে স্বামীর সাথে ওই অফিসারকেও আটক করা হয়েছে৷ বিস্তারিত হয়তো পরে জানতে পারব।”