২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

“তারা মূলত নাশকতা করার জন্যই এসেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 03:44 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের আট নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন।

পুলিশ বলছে, ‘নাশকতা করতে’ ওই আট জন স্মৃতিসৌধে এসেছিলেন।

সোমবার বেলা ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।

আটকদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ পলাতক সাইফুল ইসলামের কর্মী মিল্টন।

বাকিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমানের নেতৃত্বে সাভারের সাবেক সংসদ সদস্য পলাতক সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন।

পরে ডিএমপি (ডিবি) পুলিশ সামনে দিকে এগিয়ে আসলে তারা ফুলের তোড়া থেকে ‘আওয়ামী লীগ’ লেখা ছিড়ে ফেলার চেষ্টা করে। এ সময় আশুলিয়া থানা পুলিশ ৮ জন নেতাকর্মীকে আটক করে।

তখন কয়েকজনকে পালিয়ে যেতে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, “তারা মূলত নাশকতা করার জন্যই আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, “উপরের নির্দেশে সকাল থেকেই পুলিশের একাধিক টিম সিভিল পোশাকে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ রয়েছে।”