২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার সাবেক-বর্তমান সিভিল সার্জনসহ ৬ জনের নামে দুদকের অভিযোগপত্র

সরকারি রসিদ বইয়ের বাইরে নকল রসিদ বই ব্যবহার করে বিদেশগামী ও সাধারণ মানুষের কোভিড পরীক্ষার টাকা সংগ্রহ করতেন অভিযুক্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 12:01 AM

Updated : 28 Jul 2023, 12:26 AM

কোভিড-১৯ পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে খুলনার সাবেক ও বর্তমান দুই সিভিল সার্জনসহ ছয়জনের নামে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

বৃহস্পতিবার খুলনা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান।

মামলার আসামিরা হলেন, খুলনা সদর হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাস,  মো. রওশন আলী, ক্যাশিয়ার তপতী সরকার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম মুরাদ হোসেন, সাবেক সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আলী এবং বর্তমান সিভিল সার্জন সুজাত আহমেদ।

খন্দকার কামরুজ্জামান জানান, ২০২১ সালের ১৮ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসকে আসামি করে মামলা করা হয়। প্রথমদিকে একজন আসামি থাকলেও পরে তদন্তে আরও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী সিভিল সার্জন খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক। মামলার অভিযোগপত্রে সাবেক সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আলী ও বর্তমান সিভিল সার্জন সুজাত আহমেদের নাম রয়েছে। এর মধ্যে নিয়াজ মোহাম্মদ আলী ৫ নম্বর ও সুজাত আহমেদ ৬ নম্বর আসামি।

তদন্তে ওই টাকা আত্মসাতের ঘটনার সঙ্গে তাদের দুজনেরই সংশ্লিষ্টতা পেয়েছে দুদক।

কামরুজ্জামান বলেন, কোভিড-১৯ পরীক্ষা থেকে ৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা সংগ্রহ করা হলেও তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা।

তদন্তে দেখা গেছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশ করে সরকারি রসিদ বইয়ের বাইরে নকল (ডুপ্লিকেট) রসিদ বই ব্যবহার করে বিদেশগামী ও সাধারণ মানুষের কোভিড পরীক্ষার টাকা সংগ্রহ করতেন।

দুদক কর্মকর্তা বলেন, সব মিলিয়ে ওই সময় ৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা সংগ্রহ করা হয়। তবে এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা। অর্ধাৎ কেবল পরীক্ষা থেকেই ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন তারা।