সিলেটে ডাকাত সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা
সালেহ নামে ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ছয়টি মামলা আছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাকাত সন্দেহে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উনাই হাওরে এ ঘটনা ঘটে বলে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান।
নিহত যুবকের নাম সালেহ আহমদ (২৫); তিনি উপজেলার হাইডর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ছয়টি মামলা আছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উনার হাওরে লাবু, আলীর গ্রাম এবং দেওয়ার গ্রামের লোকজন সালেহ আহমদকে ডাকাত সন্দেহে পিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সালেহ আহমদকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ট্রলার, ১১ বস্তা কাপড় ও দুটি রামদা উদ্ধার করা হয়।
