চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার
২ অগাস্ট সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সবুজ টি-শার্ট পরা লাশটি দুদিন আগের হতে পারে।
পুলিশ জানায়, লাশ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পদ্মা নদীর যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
২ অগাস্ট পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।
এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, বিএসএফের নির্যাতনে মারা যান তারা।
