২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা

শিবু বলেন, “বিএনপির অনেকেই প্রোগ্রামে ছিল কিন্তু কেবল আমার উপরে হামলা করেছে৷ কারণ আমি হিন্দু, আমি দুর্বল তার উপর বিএনপি করি৷”

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা

হামলার শিকার শিবু চন্দ্র দাস।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 09:55 AM

Updated : 22 Oct 2023, 09:55 AM

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মন্দির থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিএনপি নেতা৷

শনিবার সন্ধ্যায় বন্দরের র‌্যালি আবাসিক এলাকায় তিনি হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বন্দর-সোনারগাঁ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

৬০ বছর বয়সী শিবু চন্দ্র দাস ওই এলাকার বাসিন্দা এবং মহানগর বিএনপির ২২ নম্বর ওয়ার্ডের  সভাপতি৷

দুর্গাপূজা উপলক্ষে শনিবার বিকালে বন্দরের ব়্যালি এলাকার মন্দিরে শিবু চন্দ্র দাসের সভাপতিত্বে মহানগর বিএনপির পক্ষ থেকে গরিব মানুষের মাঝে পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান৷

শিবু চন্দ্র দাস জানান, অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা চলে গেলে ‘মন্দিরে বিএনপি নেতাদের এনে কাজ ঠিক করেননি’ বলে তাকে শাসিয়েছেন স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের কর্মী সুজন৷

সুজন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খানের বন্ধু। মাসুদ খানের নির্দেশেই তার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন শিবু চন্দ্র দাস।

তিনি বলেন, “হুমকি পাবার পর কিছুক্ষণ আমি মন্দিরেই বসে ছিলাম৷ মাগরিবের আযানের পরে মন্দির থেকে বেরিয়ে ১০০ গজ যেতেই ৭-৮ জনের একটি দল ধারালো ছুরি আর লাঠি হাতে আমার উপর হামলা করে৷

“ছুরির আঘাতে আমার বা হাতের আঙুল ও পা কেটে গেছে৷ মন্দিরেই পুলিশ ছিল৷ খবর পেয়ে তারা আহত অবস্থায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷”

শিবু বলেন, “আমাকে ছয়টায় হুমকি দিলো আর সাতটার কিছুক্ষণ আগে হামলার শিকার হলাম৷ বিএনপির অনেকেই প্রোগ্রামে ছিল কিন্তু কেবল আমার উপরে হামলা করেছে৷ কারণ আমি হিন্দু, আমি দুর্বল তার উপর বিএনপি করি৷”

এ ঘটনার নিন্দা জানিয়ে মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, “বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে আমরা চলে আসি৷ এরপরই সরকারদলীয় লোকেরা খান মাসুদের নির্দেশে শিবু দাসের উপর হামলা করে৷ আমরা এই হামলার ঘটনার জড়িতদের বিচারের দাবি জানাই৷”

তবে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে মাসুদ খান বলেন, তিনি শিবু দাসের উপর হামলার বিষয়টি শুনেছেন৷ কিন্তু হামলার ঘটনায় তিনি কিংবা তার পরিচিত কেউ জড়িত নন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ৷