২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্পে ধীর গতি, পরিচালকদের শাস্তির পক্ষে পররাষ্ট্রমন্ত্রী

প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার পথ বাৎলে দিতে গিয়ে দক্ষিণ কোরিয়ার গল্প শুনিয়েছেন মন্ত্রী।

প্রকল্পে ধীর গতি, পরিচালকদের শাস্তির পক্ষে পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে শুক্রবার সংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 10:40 PM

Updated : 06 Oct 2023, 10:39 PM

প্রকল্পে ধীর গতির কারণে পরিচালকদের ‘বরখাস্ত অথবা শাস্তি’র পক্ষে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দীর্ঘ সময় পরেও সিলেটের অনেক প্রকল্পের কাজ শুরু না হওয়া কিংবা নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, “এইটা একটা সমস্যা। আমাদের কোনো প্রজেক্ট সহজে শেষ হয় না, দেশীয় হলে।

“বিদেশিরা কাজ নির্দিষ্ট সময়ে করে চলে যায়। আমাদের স্বদেশি ইঞ্জিনিয়াররা যখন থাকেন আমি জানি না কী কারণে তারা দেরি করেন। কেউ বলেন, দেরি করলে পয়সার পরিমাণ বাড়ে, সবাই উপকৃত হয়।”

মন্ত্রী বলেন, “আমি একটা প্রস্তাব দিয়েছি, সংসদেও বলেছি, সেই প্রস্তাবে বলেছি- সাউথ কোরিয়ায় একসময় প্রজেক্ট শেষ হতে দেরি হত। সে দেশের প্রেসিডেন্ট একটি আইন করলেন যে, প্রজেক্ট ডিরেক্টর যিনি হবেন, সেই প্রজেক্ট যদি যথাসময়ে শেষ না হয় আর উনি যদি বিশেষ কোনো কারণ না দেখাতে পারেন তাহলে তাকে জেলও দেওয়া হয়, টার্মিনেটও করা হয়- এরকম কঠিন শাস্তি।

“এরপর থেকে সাউথ কোরিয়ায় আর কোনো প্রজেক্ট ডিলে হয় না। আমাদের দেশেও এরকম ব্যবস্থা নেওয়া দরকার। প্রজেক্টের দায়িত্বে যিনি থাকবেন তাকে ফায়ার বা শাস্তির মুখোমুখি হতে হবে।”                           

শুক্রবার রাতে সিলেটে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মোমেন।

ভারতের ভিসা পেতে দুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের তারা অনেক ভিসা দেয়। প্রতিদিন প্রায় নয় হাজার ভিসা দেয়। আমি এ বিষয়ে তাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তারা এটা সমাধানের চেষ্টা করছে। রাষ্ট্রদূতকে বলেছি, প্রয়োজনে ভিসা সিস্টেমই বাদ দাও। ভারতের সঙ্গে নেপালের ভিসা লাগে না; আমাদের কেন লাগবে?”

বিমানের গৌহাটি-ঢাকা ফ্লাইট শিগগির চালু হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা প্রস্তাব দিয়েছিলাম গৌহাটি-সিলেট-ঢাকা এয়ারলাইন্স চালুর। তবে বিমান কর্তৃপক্ষ ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর পক্ষে। আশা করছি, শিগগির এটি চালু হবে।”

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদ। ভারতের সাবেক সংসদ সদস্য স্বপন দাস গুপ্ত, ভারত ফাউন্ডেশনের সদস্য সুরাইয়া দোভাল, ভারতের রাজ্যসভার সদস্য রাজ কুমার রঞ্জন শিং বক্তব্য দেন।

আয়োজকরা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই সংলাপে বাংলাদেশের ছয়জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতারা অংশ নেবেন। অপরদিকে অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধিদল সিলেটে পৌঁছেছে।

শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।