২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

২০২২ সালের ৩০ মে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মো. সোহাগ হোসেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান হরিরামপুর থানা ওসি মজিবুর রহমান। 

গ্রেপ্তার মো. সোহাগ হোসেন (২৫) উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আক্তার মল্লিকের ছেলে।

ওসি মজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার হরিরামপুরের বাসভবন ভাঙচুর ও নাশকতা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে দুপুরে সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ৩০ মে আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল হরিরামপুর থানায় মামলা করেন।