১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তরুণের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 03:53 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

গাজীপুরের টঙ্গীতে একটি চারতলা ভবনের সেপটিক ট্যাংকে বিস্ফোরণে এক তরুণের প্রাণ গেছে। 

রোববার রাত ১০টার দিকে আউচপাড়ার মোল্লাবাড়ি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইস্কান্দার হাবিবুর রহমান জানান।

নিহত ১৯ বছর বয়সী হাবিবুল্লাহ নরসিংদীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. রুহুল আমিন।

তিনি পরিবারের সঙ্গে আউচপাড়ার মোল্লাবাড়ি এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন চারতলা বাড়িটির প্রতি তলায় তিনটি করে ইউনিট রয়েছে। অতিরিক্ত ভাড়ার আশায় নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর তিন কক্ষের একটি আলাদা ইউনিট নির্মাণ করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে হঠাৎ বাসার নিচের সেই সেপটিক ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বাসার তলা ধসে বিভিন্ন জিনিসের আঘাতে গুরুতর আহত হন হাবিবুল্লাহ।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাবিবুল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে মারা যান। ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, “আমরা রাত ১০টা ১০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগেই আহত হাবিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তার আত্মীয়স্বজন। আমরা প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পেয়েছি

“সেপটিক ট্যাংকের ভেতর থেকে গ্যাস বেরোনোর জন্য কোনো লাইন (বাইপাস) ছিল না। এ কারণে ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। আমরা সেপটিক ট্যাংকটি ঠিকঠাক মতো মেরামত না করা পর্যন্ত বাড়িটিতে কাউকে না থাকার জন্য সতর্ক করে এসেছি।”

ওসি ইস্কান্দার হাবিবুর বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কেউ যদি গাফিলতির অভিযোগ করেন, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”