জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে ২০২২ সালের ১২ এপ্রিল রাতে তিথীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান পিপি।
জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহ মোহাম্মদ এনায়েত হোসেন।
দণ্ড পাওয়া আহসান হাবিব (২৮) উপজেলার রাজনগর গ্রামে আজাহার আলীর ছেলে।
পিপি এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে আহসান হাবিবের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে তিথী বেগমের (২৩) বিয়ে হয়। তাদের সংসারে ছেলে সন্তান রয়েছে।
“বিয়ের পর থেকে আহসান যৌতুকের জন্য তিথীকে নির্যাতন করে আসছিলেন। দাবি করা যৌতুকের এক লাখ টাকা না পেয়ে ২০২২ সালের ১২ এপ্রিল রাতে গলায় ওড়না পেঁচিয়ে তিথীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”
ঘটনার পরদিন তিথীর মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে আহসান ও তার মা কুসুমা বেগমকে আসামি করে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি।
তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে কুসুমা বেগমকে অব্যাহতি দেয় পুলিশ।
নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
