২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ ভ্রমণ করলে কঠোর ব্যবস্থা: হাইওয়ে পুলিশ

বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 07:46 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

কোরবানির ঈদের যাত্রায় ঝুঁকিপূর্ণ ভ্রমণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

তিনি বলেছেন, “যাত্রীদের কাছে অনুরোধ, আপনার ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাত্রায় সামিল হবেন না৷ পিকআপ, পশুবাহী ট্রাক, খোলা ট্রাক, মালবাহী পরিবহন, বাসের ছাদে যাত্রা করবেন না৷ মনে রাখবেন, জীবনের মূল্য অনেক বেশি আপনার সময়ের তুলনায়।”

“তবুও আপনারা এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হন। এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”   

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অতিরিক্ত আইজিপি এসব কথা বলেন। 

শাহাবুদ্দিন খান বলেন, “ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা পোশাকের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমরা অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করছি। আশা করছি এবারও ঈদ যাত্রায় নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পারবেন।”

এদিন দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় যানজট নিরসনে ড্রোন পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করেন শাহাবুদ্দিন খান। 

এ সময় তিনি বলেন, সড়ক-মহাসড়কে যানজট নিরসনে প্রযুক্তির ব্যবহার অনেকটাই উপকারে আসছে। ড্রোন ব্যবহারে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি। 

শাহাবুদ্দিন খান বলেন, “যানজট নিরসনে ধাপে ধাপে পোশাক কারখানা ছুটির বিষয়ে আলোচনা হয়েছে। পোশাক কারখানা ছুটির পর ভোগান্তি এড়াতে কারখানা থেকেই যেন যানবাহনের ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের সঙ্গে সে ব্যাপারে সমন্বয় করা হয়েছে। এতে পোশাক শ্রমিকদের দুর্ভোগ কমানো সম্ভব হবে।

তিনি চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানচলাচল ও যানজট পরিস্থিতি পরিদর্শন ছাড়াও পরিবহন শ্রমিক, যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শামসুল ইসলাম, বরকত উল্লা খান, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ আহমেদ চৌধুরী।