Published : 27 Jan 2026, 02:51 PM
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা চলছে। এসব চেষ্টা প্রতিহত করতে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলার সু্বিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাই বাড়ি মাঠে আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে, যারা এ পরিকল্পনা করছেন আপনারা সাবধান হয়ে যান।”
উঠান বৈঠকে উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এখানে যারা আছেন, আপনারা ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন।
“এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার দরকার নেই; যারা জুলাই আন্দোলনে রাস্তা নেমে এসেছে তারাই ঠেকাবে।”
ছাত্র আন্দোলনের সময় মা-বোনদের ভূমিকা ম্মরণ করিয়ে জামায়াতে ইসলামী জোটের এ প্রার্থী বলেন, “জুলাই আন্দোলনের সময় আমার মা বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাইওয়াইছে তারাই এবার ভোট চুরি ঠেকাবে।
“এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি হাসিনার পালানোর পর পর শেষ হয়ে গেছে। যারা এই ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরকেও হাসিনার পরিণতি ভোগ করতে হবে।”
তিনি বলেন, “একটি দল গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চালাচ্ছে, হ্যাঁ ভোটের শর্তের কোথাও কি এই কথা লেখা আছে? আপনারা নির্বাচনে দুটি ভোট দিবেন একটি শাপলাকলি আরেকটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ হ্যাঁ ভোটের উপর নির্ভর করে গড়ে উঠবে।”
সুবিল ইউনিয়ন জামায়াতের আমীর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ ও দেবিদ্বার উপজেলা জামাতের আমীর মো. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি জামসেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার ও উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি সমাঈল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।