মাদারীপুরে গাছের চারা রোপণ নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধাকে খুন
প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা মাথায় আঘাত পান।
বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক বৃদ্ধাকে খুনের অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় আটক হয়েছেন দুজন।
রোববার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমীর সেরনিয়াবাত জানান।
নিহত আলেয়া বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জব্বার হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে সকালে জব্বার হাওলাদারের সঙ্গে হায়দারের মা আলেয়া বেগমের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে জব্বার হাওলাদার লোকজন নিয়ে আলেয়া বেগমের ওপর হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এতে আলেয়া বেগম মাথায় আঘাত পেলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক আমীর সেরনিয়াবাত জানান, সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
