রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী ২ কিশোরের
এ ঘটনায় আরও এক কিশোর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর মোহনপুর উপজেলার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও এক কিশোর।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার।
নিহতরা হলেন- উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (১৬) এবং সাঁকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাতুল মিয়া (১৫)।
আহত স্বাধীন মিয়াকে (১৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর ফায়ার সার্ভিসের লিডার মো. রেজোয়ান মণ্ডল বলেন, রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ঘটনাস্থলেই লিমন মারা যায়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
আহত স্বাধীনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
