Published : 30 Jan 2026, 06:38 PM
শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের প্রতিবাদে শেরপুর জেলা শহরে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনে দলের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, “আমাদের ভাই শহীদ রেজাউলের হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকব। শত শত রেজাউলের মত আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি।”
সমাবেশে অন্যান্য বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, রেজাউল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
সমাবেশ থেকে জেলা জামায়াতের আমির শনিবার বিকালে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।